হজযাত্রীদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান, তাই তাদের মা-বাবার মতো যত্ন নেওয়া হজ গাইডদের দায়িত্ব ও সৌভাগ্যের বিষয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত ‘বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
হজ গাইডদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের আন্তরিকভাবে সেবা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। তিনি বলেন, হজযাত্রীদের সন্তুষ্ট করতে পারলে মহান আল্লাহ এর উত্তম প্রতিদান দেবেন।
হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। এই সরকারের অধীনে ২০২৬ সালের হজ কার্যক্রম যেন সুষ্ঠু, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে পরিচালিত হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে শতভাগ দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার নির্দেশ দেন তিনি।
ধর্মমন্ত্রী আরও ঘোষণা দেন, ২০২৬ সালে সরকারি ও বেসরকারি—উভয় পর্যায়ের মধ্যে থেকে সেরা তিনজন হজ গাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী গাইডকে যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা করে প্রদান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক, পরিচালক (হজ) মো. লোকমান হোসেন এবং হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার।







