ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করা হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হবে। এছাড়া শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণও অধিবেশনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অধিবেশন সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে সংসদ অধিবেশন আহ্বান করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১২ মার্চ থেকেই নতুন সংসদের কার্যক্রম শুরু হবে।







