আর্কাইভ
ads
logo

বিডা-বেজা-বেপজাসহ ৬ প্রতিষ্ঠান একীভূতকরণ হচ্ছে

Sadia

প্রকাশকাল: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:২১ পি.এম
বিডা-বেজা-বেপজাসহ ৬ প্রতিষ্ঠান একীভূতকরণ হচ্ছে

ছবিঃ সংগৃহীত

ads

দেশের বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশ আরও গতিশীল করতে সরকারি বিনিয়োগ ও সেবা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ছয়টি সংস্থাকে একীভূত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডার (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন এই তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চতুর্থ গভর্নিং বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান উপদেষ্টা ও গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস এই সভায় সভাপতিত্ব করেন।

একীভূত হতে যাওয়া ছয়টি প্রতিষ্ঠান হলো:

১. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)

২. বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)

৩. বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)

৪. বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

৫. পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ

৬. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)

সংবাদ সম্মেলনে জানানো হয়, এর আগে গভর্নিং বোর্ডে একাধিক ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিকে এক করার একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। পরবর্তীতে সরকারের উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অ্যাটর্নি জেনারেলের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের উপদেষ্টা কমিটি বিষয়টি পর্যালোচনা করে একীভূতকরণের সুপারিশ প্রদান করেন। সেই সুপারিশের ভিত্তিতেই সরকার নীতিগতভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।

চৌধুরী আশিক বিন হারুন জানান, বর্তমান সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করলেও এর চূড়ান্ত বাস্তবায়ন করবে পরবর্তী নির্বাচিত সরকার। নতুন এই সমন্বিত সংস্থাটি কেমন হবে এবং এর কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নির্ধারণে একজন স্বতন্ত্র তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি কনসালট্যান্ট নিয়োগ দেওয়া হবে। এই কনসালট্যান্ট নতুন প্রতিষ্ঠানের নকশা ও কাঠামো তৈরি করবেন যাতে বিদ্যমান কোনো সংস্থাই অতিরিক্ত সুবিধা বা বৈষম্যের শিকার না হয়।

সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিনিয়োগ সংক্রান্ত সব সেবা একটি একক প্রতিষ্ঠানের অধীনে নিয়ে আসা, যা আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দেশে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ