বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের স্বর্ণ বাজারে। শুক্রবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষণা করেছে, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়। এটি আগের মূল্যের তুলনায় ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বেশি। নতুন এই দাম শনিবার (২৪ জানুয়ারি) থেকে বাজারে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যের ভিত্তিতে, দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে এভাবে:
-
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫৫,৬১৭ টাকা
-
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪৪,০১১ টাকা
-
১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৯,১৩৬ টাকা
-
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৭১,৮৬৯ টাকা
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
স্বর্ণের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে রূপার মূল্যও বেড়েছে। শুক্রবার ভরিতে ৫২৫ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেট রূপার দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৮৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ৪ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।







