আর্কাইভ
ads
logo

জুমার দিনে বিশেষ আমল ও গুনাহ মাফের সুযোগ

ধর্ম ডেস্ক

প্রকাশকাল: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পি.এম
জুমার দিনে বিশেষ আমল ও গুনাহ মাফের সুযোগ

ads

ইসলামে জুমার দিনকে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। পবিত্র কোরআন এবং হাদিসে এ দিনের সৎ আমল ও বিশেষ গুরুত্বের কথা বিস্তৃতভাবে বর্ণিত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, “হে মুমিনরা! জুমার দিন নামাজের আজান হলে তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাবিক্রি বন্ধ কোরো, তা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝো। এরপর নামাজ শেষ হলে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ (জীবিকা) অনুসন্ধান করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও।” (সুরা: জুমা, আয়াত: ৯-১০)

নিচে জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল তুলে ধরা হলো—

১. জুমার দিনের বিশেষ মর্যাদা

হাদিসে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) জুমার দিনে পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন:

  • আল্লাহ তাআলা এই দিনে আদম (আ.)-কে সৃষ্টি করেছেন।
  • আদম (আ.)-কে জমিনে অবতরণ করিয়েছেন।
  • এই দিনে আদম (আ.)-কে মৃত্যু দিয়েছেন।
  • এই দিনে এমন একটি সময় আছে, যখন বান্দা আল্লাহর কাছে যা কিছু প্রার্থনা করবে তা পাবেন, তবে হারাম প্রার্থনা বাদে।
  • এই দিনে কিয়ামত সংঘটিত হবে।

(ইবনে মাজাহ, হাদিস: ৮৯৫)

২. জুমার নামাজ আদায়

রাসুল (সা.) বলেছেন:“যে ব্যক্তি জুমার দিন গোসল করল, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করল, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল, অতঃপর মসজিদে এলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না, নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল, অতঃপর ইমাম কথা শুরু করলে চুপ থাকল; তাহলে আল্লাহ তাআলা তাঁর দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন।” (সহিহ বুখারি, হাদিস: ৮৮৩)

একইভাবে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, “পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে; যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে।” (মুসলিম, হাদিস: ২৩৩)

৩. জুমার দিনে গোসল করা

গোসল করা ও আগে আগে মসজিদে যাওয়াকে বড় সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। “যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করল, দ্রুততর সময়ে মসজিদে গেল ও (ইমামের) কাছাকাছি বসে মনোযোগসহ (খুতবা) শুনল, তাঁর জন্য প্রতি কদমের বদলে এক বছরের রোজা ও নামাজের সওয়াব থাকবে।” (আবু দাউদ, হাদিস: ৩৪৫)

৪. মসজিদে প্রথমে প্রবেশ করা

জুমার দিনে প্রথমে মসজিদে যাওয়া বিশেষ সওয়াবের কাজ। রাসুল (সা.) বলেন,

“যে ব্যক্তি জুমার দিন গোসল করল, অতঃপর প্রথমে মসজিদে গেল সে যেন একটি উট কোরবানি করল। যে এরপর মসজিদে গেল, সে যেন একটি গরু কোরবানি করল। আর যে এরপর ঢুকল, সে যেন ছাগল কোরবানি করল, এরপর যে ঢুকল সে যেন মুরগি কোরবানি করল, আর যে এরপর ঢুকল সে ডিম সদকা করল।” (সহিহ বুখারি, হাদিস: ৮৪১)

৫. দোয়া কবুলের বিশেষ মুহূর্ত

জুমার দিনে এমন একটি সময় আছে, যখন দোয়া আল্লাহর কাছে কবুল হয়। জাবের (রা.) থেকে বর্ণিত,

“জুমার দিনের বারো ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আছরের শেষ সময়ে অনুসন্ধান কোরো।” (আবু দাউদ, হাদিস: ১০৪৮)

৬. সুরা কাহাফ পাঠ

সুরা কাহাফ পড়া জুমার অন্যতম আমল। “যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পড়বে তা দুই জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য আলোকিত হয়ে থাকবে। আর যে ব্যক্তি এই সুরার শেষ ১০ আয়াত পাঠ করবে, দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না।” (সহিহ তারগিব, হাদিস: ১৪৭৩, আল মুসতাদরাক: ২/৩৯৯)

৭. দরুদ পাঠ

নবীজি (সা.)-এর ওপর বেশি দরুদ পাঠ করা উচিত। আউস বিন আবি আউস (রা.) থেকে বর্ণিত, “তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। অতএব, তোমরা এই দিনে আমার ওপর বেশি পরিমাণ দরুদ পড়ো। কারণ জুমার দিনে তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।” (আবু দাউদ, হাদিস: ১০৪৭)

৮. গুনাহ মাফ হওয়ার আমল

জুমার দিনে গোসল, সুগন্ধ ব্যবহার, মসজিদে যাওয়া ও মনোযোগসহ নামাজ পড়ার মাধ্যমে দুই জুমার মধ্যে ঘটে যাওয়া গুনাহ মাফ হয়। “যে ব্যক্তি জুমার দিন গোসল করল, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করল, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল, অতঃপর মসজিদে এলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না, নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল, অতঃপর ইমাম কথা শুরু করলে চুপ থাকল; তাহলে আল্লাহ তাআলা তাঁর দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন।” (সহিহ বুখারি, হাদিস: ৮৮৩)

উপসংহার:

জুমার দিন গোসল করা, সুরা কাহাফ পাঠ, দরুদ পাঠ, মসজিদে আগে যাওয়া, খুতবা মনোযোগে শোনা, দোয়া করা—এসব আমল পালনের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে এবং গুনাহ মাফ হওয়ার সুযোগ পায়। জুমার দিনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করা প্রত্যেক মুসলিমের জন্য জরুরি।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ