রাজধানীতে দুই শীর্ষ সংবাদপত্রের কার্যালয়ে হামলার ঘটনায় বাংলাদেশের আন্তর্জাতিক সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার বিকেলে কারওয়ান বাজারে অগ্নিদগ্ধ প্রথম আলো ভবনে আয়োজিত ‘আলো’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, এ ঘটনায় গোয়েন্দা পুলিশকে (ডিবি) আগামী দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর বিচারিক কার্যক্রম শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “আমরা লজ্জিত। এ ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর সামনে একটা মেসেজ গেছে যে বাংলাদেশে নিউজপেপারের ওপর যখন খুশি আক্রমণ করা যায়। এই দেশের যারা বলতে গেলে প্রগতির বিরুদ্ধে, যারা সাম্প্রদায়িক এবং উগ্রবাদী শক্তি; তাদের একটা রমরমা ভাব ছিল—এই মেসেজটা সারা পৃথিবীতে গেছে। এর দৃষ্টান্তমূলক বিচারের মধ্য দিয়ে সারা পৃথিবীকে তার একটা উল্টো মেসেজ দেবো।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমাদের যে ইশতেহার, সেখানে বলেছি—আমরা স্বাধীন গণমাধ্যম চাই এবং গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করব।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা একটি সভ্য সমাজের পরিপন্থী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই হামলার কারণে আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে ও বিদেশে কথা শুনতে হয়েছে। আমাদের মাথা হেঁট হয়ে গেছে। আমরা আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি, এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না।”
তিনি আশা প্রকাশ করেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ধ্বংসস্তূপ থেকে শক্তভাবে ঘুরে দাঁড়াবে।
পরে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দ্য ডেইলি স্টার ভবনও পরিদর্শন করেন।







