আর্কাইভ
ads
logo

মনোনয়ন পেলেও কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ পি.এম
মনোনয়ন পেলেও কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার স্থগিত

ads

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের কবিতা বিভাগে মনোনীত হলেও কবি মোহন রায়হানের পুরস্কার পূর্বঘোষণা ছাড়াই স্থগিত করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি বাংলা একাডেমি বিজয়ীদের তালিকা প্রকাশ করে, যেখানে কবিতা বিভাগে মোহন রায়হানের নাম ছিল। অমর একুশে বইমেলার আজ বৃহস্পতিবারের উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার প্রদানের সময়ও তিনি উপস্থিত ছিলেন।

কিন্তু মঞ্চে তার নাম ঘোষণা করা হয়নি। পরে পুরস্কার গ্রহণ না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন মোহন রায়হান।

সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “গতকাল সন্ধ্যায়ও আমি পুরস্কার গ্রহণের মহড়ায় অংশ নিয়েছি। তখনও আমাকে কিছু বলা হয়নি। কিন্তু আজ অনুষ্ঠানে এসে জানতে পারলাম আমাকে পুরস্কার দেওয়া হচ্ছে না। আমি এখনো জানি না এটা কি দাপ্তরিকভাবে বাতিল করা হয়েছে কি না। যদি বাতিল হতো, তবে সরকারি প্রজ্ঞাপন থাকা উচিত ছিল।”

মোহন রায়হান অভিযোগ করেন, “বাংলা একাডেমির কর্মকর্তারা জানিয়েছেন আমার পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্ত ‘সরকারের সর্বোচ্চ পর্যায়’ থেকে এসেছে।” তিনি আরও দাবি করেন, প্রায় চার দশক আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা তার কবিতা ‘তাহেরের স্বপ্ন’-এর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “আমি শুনেছি ৪০ বছর আগে লেখা ওই কবিতার কারণে আমাকে পুরস্কার দেওয়া হয়নি,” যোগ করেন তিনি।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সাংবাদিকদের বলেন, “কবি মোহন রায়হানের বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠায় পুরস্কারটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

অন্য বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে। কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ বা গবেষণায় সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মোস্তফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যে মঈদুল হাসান এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। প্রধানমন্ত্রীর হাতে বিজয়ীরা তাদের পুরস্কার গ্রহণ করেন।


ads
ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ