দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজ সংলগ্ন এলাকায় দেশটির জাতীয় মুদ্রা বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মহাসড়কে চলাচলরত প্রায় এক ডজন যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বিপুল পরিমাণ ব্যাংক নোট চারদিকে ছড়িয়ে পড়ে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিমানের ধ্বংসাবশেষ ও হতাহতদের দেহ ছড়িয়ে থাকতে দেখা যায়। অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিমানটি বলিভিয়ার বিমান বাহিনীর একটি হারকিউলিস কার্গো বিমান, যা কেন্দ্রীয় ব্যাংক থেকে দেশের বিভিন্ন শহরে নতুন মুদ্রা নোট পরিবহন করছিল।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, লা পাজের পার্শ্ববর্তী এল আল্টো শহরে বিমানটি প্রথমে সড়কে চলমান যানবাহনে আঘাত করে এবং পরে একটি খোলা মাঠে গিয়ে থামে। দুর্ঘটনার সময় বিমানটি উড্ডয়ন করছিল নাকি অবতরণের প্রস্তুতিতে ছিল—এ নিয়ে ভিন্নমত রয়েছে।
এদিকে, বিমানে থাকা বিপুল পরিমাণ নগদ টাকা রানওয়ের বাইরে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তা কুড়িয়ে নেওয়ার হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, অনেকে ঘটনাস্থলে ভিড় করে নোট সংগ্রহের চেষ্টা করছেন এবং এ নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা চালান।







