আর্কাইভ
ads
logo

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ পি.এম
আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা

ছবিঃ সংগৃহীত

ads

আফগানিস্তানে তালেবান সরকারের বিরুদ্ধে সরাসরি ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। সীমান্তে সাম্প্রতিক কয়েক দফা প্রাণঘাতী হামলা ও পাল্টা হামলার জেরে প্রতিবেশী দেশ দুটির মধ্যকার উত্তেজনা এখন চরমে। ইতিমধ্যে কাবুল ও কান্দাহারসহ আফগানিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলে পাকিস্তানি বাহিনী ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে। ইসলামাবাদ দাবি করেছে, তাদের অভিযানে এখন পর্যন্ত ১৩৩ জন তালেবান সদস্য নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এক কঠোর বার্তায় এই যুদ্ধ ঘোষণা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে তিনি উল্লেখ করেন, পাকিস্তান কূটনৈতিকভাবে এবং বন্ধু রাষ্ট্রগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিল। কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করায় এখন তারা সরাসরি সংঘাতের পথ বেছে নিতে বাধ্য হয়েছে। তার ভাষায়, “এখন আমাদের ও তোমাদের মধ্যে প্রকাশ্য যুদ্ধ।”

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে আফগানিস্তানের রাজধানী কাবুল বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে। রাত ১টা ৫০ মিনিটের দিকে শহরের আকাশে যুদ্ধবিমানের গর্জনের পাশাপাশি বিধ্বংসী বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাজধানীর প্রাণকেন্দ্রে গভীর রাত পর্যন্ত গোলাগুলি চলেছে বলেও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, শুক্রবারও কাবুল, পাকতিয়া ও কান্দাহারে পাকিস্তানি বিমান হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। তবে আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তানের সর্বশেষ এই হামলায় কেউ আহত হয়নি। এর আগে কান্দাহার ও হেলমান্দে পাকিস্তানের সামরিক অবস্থানে প্রতিশোধমূলক হামলার একটি পোস্ট মুজাহিদ দিলেও পরে সেটি মুছে ফেলা হয়।

বিশ্লেষকরা বলছেন, গত অক্টোবর মাসে দুই দেশের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি হলেও সীমান্তে বিচ্ছিন্ন লড়াই থামেনি। পাকিস্তান দীর্ঘ দিন ধরেই অভিযোগ করে আসছে যে, আফগান তালেবানরা তাদের দেশে ‘পাকিস্তান তালেবান’ বা টিটিপি-কে নিরাপদ আশ্রয় দিচ্ছে। গত এক বছরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর প্রায় ৬০০টি হামলা চালিয়েছে এই গোষ্ঠীটি।

উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় ১৬০০ মাইল দীর্ঘ দুর্গম পাহাড়ি সীমান্ত রয়েছে, যা ঐতিহাসিকভাবেই অত্যন্ত অস্থির। ২০০১ সালে তালেবানকে সমর্থনের অভিযোগ থাকলেও বর্তমানে ইসলামাবাদের সঙ্গে কাবুলের সম্পর্ক তলানিতে ঠেকেছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ