২ মার্চ ২০২৬, ১১:৪৫ পি.এম

মধ্যপ্রাচ্যে ৯ বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

মধ্যপ্রাচ্যে ৯ বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

সোমবার (২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শোকবার্তা প্রদান করেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, প্রবাসে কর্মরত নাগরিকরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ। কর্মস্থলে তাদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু পুরো জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং হামলায় আহত অন্য বাংলাদেশিদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বিরোধীদলীয় নেতা সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি বেসামরিক নাগরিকদের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে সব পক্ষকে ধৈর্য ধারণ এবং শান্তিপূর্ণ কূটনৈতিক পন্থায় সমস্যা সমাধানের আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

বিবৃতিতে তিনি বাংলাদেশ সরকারের প্রতি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার তাগিদ দেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর বিষয়েও তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।