সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রূকমীলা জামানসহ ৩৫ জনের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৩ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলার চার্জশিট বা অভিযোগপত্র প্রদানের চূড়ান্ত অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, এই জালিয়াতির ঘটনায় সংশ্লিষ্ট ব্যাংকটির সাবেক ও বর্তমান বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আরামিট গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অর্থ স্থানান্তরের সঙ্গে জড়িত হুন্ডি কারবারিদের আসামি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন, নথিপত্র জালিয়াতি এবং প্রতারণার আশ্রয় নিয়ে ওই টাকা আত্মসাৎ করা হয়। পরবর্তীতে আত্মসাৎকৃত অর্থ বিভিন্ন মাধ্যমে স্থানান্তর ও বিদেশে পাচার করা হয়েছে বলে প্রাথমিক প্রমাণ পেয়েছে কমিশন। তবে এই মামলার অন্যতম অভিযুক্ত শরীফ জহিরকে দায়মুক্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৭ আগস্ট ৩৬ জনের নাম উল্লেখ করে এই মামলাটি দায়ের করেছিল দুদক। শেখ হাসিনা সরকারের আমলে ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১০ বছর ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন সাইফুজ্জামান চৌধুরী। গত সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে দেশের বাইরে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ গড়ার তথ্য প্রকাশ পাওয়ায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ইউসিবি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কোম্পানির নামে বেনামে ঋন জালিয়াতির মাধ্যমে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রুজু করেছে দুদক।