২ মার্চ ২০২৬, ০৪:৩৫ পি.এম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি অভিযানে জার্মানিও অংশ নিতে পারে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি অভিযানে জার্মানিও অংশ নিতে পারে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের হামলা অব্যাহত থাকলে, দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য অভিযানে অংশ নেবে জার্মানি। জার্মানির রাজনৈতিক ও সামরিক সূত্রগুলো এই তথ্য ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওকে নিশ্চিত করেছে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্যরা রেডিওকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা ইতিমধ্যেই প্রণয়ন করা হয়েছে। এই পরিকল্পনায় বিমান হামলায় সরাসরি অংশ নেওয়া এবং সামরিক ও আকাশপথে সহায়তা প্রদানের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে রোববার, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র একটি যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে ইরানের হামলার তীব্র নিন্দা জানায়। তারা সতর্ক করে বলেছে, প্রয়োজন হলে উপসাগরীয় অঞ্চলে নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে “প্রতিরক্ষামূলক ব্যবস্থা” নিতে তারা প্রস্তুত।