ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বেইত শেমেশ শহরে প্রাণহানির ঘটনা ঘটেছে। জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই শহরে হামলায় অন্তত ৮ জন নিহত এবং আরও অন্তত ২৭ জন আহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা মাগেন ডেভিড এডম হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি একটি আবাসিক এলাকায় আঘাত হানে, ফলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। উদ্ধারকারী দল, চিকিৎসক দল এবং আহতদের দ্রুত সরিয়ে নিতে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
হামলার পর এলাকায় নিরাপত্তা এবং জরুরি তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।