ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন নির্বাসিত যুবরাজরেজা পাহলভি।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, বর্তমান শাসনব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে রয়েছে এবং নতুন করে রক্তপাত এড়াতে দ্রুত একটি রাজনৈতিক পরিবর্তন প্রক্রিয়া শুরু করা জরুরি। তার ভাষ্য, ইরানের জনগণ ইসলামী প্রজাতন্ত্রের সম্পূর্ণ অবসান চায়।
পাহলভি সতর্ক করে বলেন, খামেনির উত্তরসূরি নিয়োগের যে কোনো উদ্যোগ কার্যকর হবে না। তার মতে, নতুন করে দায়িত্বে আসা কেউই জনসমর্থন বা বৈধতা অর্জন করতে পারবেন না এবং তাকে ‘অপরাধে সহযোগী’ হিসেবে বিবেচনা করা হবে।
সেনাবাহিনী, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি আহ্বান জানান, তারা যেন জনগণের পাশে দাঁড়ান এবং তার ভাষায় ‘ইরানের জনগণ ও লায়ন অ্যান্ড সান বিপ্লবের’ সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
দেশের নাগরিকদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানিয়ে পাহলভি বলেন, এখন সময় রাস্তায় বৃহৎ ও সিদ্ধান্তমূলক উপস্থিতি নিশ্চিত করার। নিরাপত্তা বজায় রেখে স্লোগান ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরার পরামর্শ দেন তিনি।
বিদেশে অবস্থানরত ইরানিদের প্রতিও একই ধরনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে তাদের প্রচেষ্টা আরও জোরদার করতে হবে এবং তিনি যাকে ‘মানবিক হস্তক্ষেপের’ পক্ষে জনমত হিসেবে উল্লেখ করেছেন, তা শক্তিশালী করতে হবে।
একই সঙ্গে বর্তমান প্রশাসনের সম্পূর্ণ পতনের দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল