প্রশাসনে বড় রদবদল এনে দেশের পাঁচ জেলার জেলা প্রশাসককে (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
রোববার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপ-সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া জেলা প্রশাসকদের মধ্যে রয়েছেন—গাজীপুরের ডিসি মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের ডিসি কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেন, নেত্রকোনার ডিসি মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন।