ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) নিহত হওয়ার পর দেশটির পরবর্তী শীর্ষ নেতা কে হতে যাচ্ছেন, তা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। শিয়া প্রধান এই প্রজাতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার আসনে বসার দৌড়ে এখন পর্যন্ত পাঁচজন প্রভাবশালী ব্যক্তিত্বের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে।
মোজতাবা খামেনি: তালিকার শীর্ষে রয়েছেন নিহত খামেনির দ্বিতীয় পুত্র ৫৬ বছর বয়সী মোজতাবা খামেনি। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং বিশেষ করে অভিজাত বাহিনী আইআরজিসি ও বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর ওপর তার ব্যাপক নিয়ন্ত্রণ রয়েছে। তবে ইরানের শাসনব্যবস্থায় বংশানুক্রমিক উত্তরাধিকারকে সাধারণত নিরুৎসাহিত করা হয়। এছাড়া ধর্মীয় পণ্ডিত হিসেবে তার অবস্থান খুব একটা উঁচুতে না হওয়া এবং কোনো আনুষ্ঠানিক প্রশাসনিক পদে না থাকাটা তার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
আলীরেজা আরাফি: ৬৭ বছর বয়সী আলীরেজা আরাফি জনসমক্ষে খুব একটা পরিচিত না হলেও তিনি খামেনির অত্যন্ত আস্থাভাজন ও একজন প্রথিতযশা ইসলামি পণ্ডিত। বর্তমানে তিনি আলেমদের পরিষদের উপ-চেয়ারম্যান এবং প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রধান হলেও সামরিক বা নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার সরাসরি ঘনিষ্ঠতা নেই, যা তাকে রাজনৈতিকভাবে কিছুটা পিছিয়ে রাখছে।
মোহাম্মদ মেহদি মিরবাঘেরি: কট্টরপন্থী হিসেবে পরিচিত ৬০ বছর বয়সী এই আলেম ইরানের রক্ষণশীল ধারার নেতৃত্ব দিচ্ছেন। কেন্দ্রীয় আলেম পরিষদের সদস্য মিরবাঘেরি তীব্রভাবে পশ্চিমা বিরোধী এবং বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে অনিবার্য সংঘাতের তত্ত্বে বিশ্বাসী। বর্তমানে তিনি কোমের বিজ্ঞান একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কঠোর মনোভাব কট্টরপন্থীদের কাছে জনপ্রিয় হলেও আন্তর্জাতিক অঙ্গনে তা উদ্বেগের কারণ হতে পারে।
হাসান খোমেনি: ইরানের ইসলামি বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ৫০ বছর বয়সী নাতি হাসান খোমেনিও আলোচনায় রয়েছেন। বর্তমানে তিনি খোমেনির সমাধিসৌধের প্রধান রক্ষক। অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তিনি কিছুটা নমনীয় মনোভাবের অধিকারী বলে পরিচিত। তবে প্রশাসনিক কোনো গুরুত্বপূর্ণ পদে না থাকা এবং সামরিক বাহিনীর ওপর প্রভাব কম থাকা তার জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে দেশটির আলেম পরিষদ (অ্যাসেম্বলি অফ এক্সপার্টস) কাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য বেছে নেয়, সেটিই এখন দেখার বিষয়।