১ মার্চ ২০২৬, ১১:৩০ এ.এম

ময়মনসিংহে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ময়মনসিংহে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ময়মনসিংহের মুক্তাগাছায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় চলা এই সহিংসতায় পাঁচজন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার আটানী বাজার এলাকায় এই সংঘাত চলাকালীন ১০ থেকে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে আটানী বাজারের ছোট মসজিদ মোড়ে ভ্যান ও অটোরিকশা চালকদের মধ্যে একটি সাধারণ বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ওই দিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলেও এর রেশ থেকে যায়। এরই জেরে শনিবার রাতে উভয় পক্ষ পুনরায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, যাতে দায়িত্ব পালনরত পাঁচ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন সাধারণ মানুষ জখম হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাত সাড়ে ৮টার দিকে মুক্তাগাছা থানা পুলিশের সঙ্গে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং র‍্যাবের সদস্যরা সাঁজোয়া যান নিয়ে অভিযানে নামেন। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার রাতেই পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে। এই সংঘাত ও সরকারি কাজে বাধার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।