১ মার্চ ২০২৬, ১১:১৪ এ.এম

চুয়াডাঙ্গায় জমি চাষের সময় ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গায় জমি চাষের সময় ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে চাষের জমিতে ল্যান্ডমাইন সদৃশ বেশ কিছু রহস্যময় বস্তুর সন্ধান পাওয়া গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গ্রামের একটি ফসলি মাঠে জমি চাষ করার সময় এগুলো মাটির নিচ থেকে বেরিয়ে আসে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মাখালডাঙ্গা গ্রামের স্কুলপাড়া মাঠে এক কৃষক ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় হঠাৎ মাটির নিচ থেকে ল্যান্ডমাইন আকৃতির কয়েকটি বস্তু উঠে আসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শত শত উৎসুক মানুষ সেখানে ভিড় করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় যৌথবাহিনীর সদস্যরা। তারা নিরাপত্তার খাতিরে পুরো এলাকাটি ঘিরে রাখেন এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বস্তুগুলো দেখতে অনেকটা ল্যান্ডমাইনের মতো। মাটির গভীরে এই জাতীয় আরও বস্তু থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কতগুলো বস্তু সেখানে রয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর পুতে রাখা অবিস্ফোরিত ল্যান্ডমাইন হতে পারে।

ইতোমধ্যেই সেনাবাহিনীর একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিপজ্জনক এই বস্তুগুলো পরীক্ষার জন্য এবং প্রয়োজন হলে নিষ্ক্রিয় করতে বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মন্তব্য না করা হলেও ধারণা করা হচ্ছে, যুদ্ধের সময়কার এসব মাইন দীর্ঘ সময় ধরে মাটির নিচে চাপা পড়ে ছিল। বর্তমানে পুলিশ সদস্যরা এলাকাটি পাহারায় রেখেছেন।