২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ পি.এম

লেবাননে প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা, বৈরুতের কিছু এলাকায় বিশেষ সাবধানতা

লেবাননে প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা, বৈরুতের কিছু এলাকায় বিশেষ সাবধানতা

লেবানন ও পার্শ্ববর্তী অঞ্চলে বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ দূতাবাস, বৈরুত।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, লেবাননের দক্ষিণ ও পশ্চিমাঞ্চল (বেক্কা ভ্যালি) এবং রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল (দাহিয়ে) ও এর আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিশেষ সতর্কতার সঙ্গে চলাফেরা করুন।

দূতাবাসের নির্দেশে বলা হয়েছে, “বিশেষ প্রয়োজন ব্যতিরেকে রাতে বাইরে বের হবেন না। লেবানন সরকারের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। জরুরি প্রয়োজন ব্যতিরেকে সভা, সমাবেশ বা জমায়েত এড়িয়ে চলুন। সংঘর্ষ-প্রবণ এলাকায় প্রবেশ এড়িয়ে চলাফেরা করুন।”

প্রবাসীদের আরও বলা হয়েছে, সব সময় মূল পাসপোর্ট, ইকামা, বিএমইটি কার্ড, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ অথবা ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে রাখুন। ব্যক্তিগত গুরুত্বপূর্ণ নথি, অর্থ ও মালামাল নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। কোনো হুমকির মুখে দ্রুত দূতাবাসকে অবহিত করুন এবং প্রতিবেশী প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন।

নিয়মিত ওষুধ সেবনকারীদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে পর্যাপ্ত পরিমাণ ওষুধ প্রস্তুত রাখুন। আতঙ্কিত হওয়ার নয়, সতর্কতা অবলম্বন করুন।

জরুরি অবস্থায় দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্রন্টডেস্ক নম্বর ৭১২১৭১৩৯, হেল্পলাইন ৮১৭৪৪২০৭ এবং হটলাইন ৭০৬৩৫২৭৮ ব্যবহার করতে বলা হয়েছে।