২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পি.এম

হাজীদের কষ্ট দিলে শাস্তি, সেবা করলে পুরস্কার: ধর্মমন্ত্রী

হাজীদের কষ্ট দিলে শাস্তি, সেবা করলে পুরস্কার: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, হজ যাত্রীদের সুন্দর ও সুষ্ঠুভাবে সেবা দিলে সংশ্লিষ্ট এজেন্সিকে পুরস্কৃত করা হবে। অপরদিকে, হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে পবিত্র মাহে রমযান উপলক্ষে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথাগুলো বলেন।

ধর্মমন্ত্রী বলেন, “হজযাত্রীরা হলেন আল্লাহর মেহমান। তাদের সর্বোত্তম সেবা দিতে হবে। তাদের সঙ্গে সদয় আচরণ করতে হবে এবং কোনো ধরনের অন্যায় করা যাবে না।”

ইফতারের গুরুত্বের কথাও তুলে ধরে তিনি বলেন, “ইফতার আল্লাহর হুকুম। এ হুকুম যথাসময়ে পালন করতে হবে।”

নিজেকে খাদেম আখ্যায়িত করে কায়কোবাদ বলেন, “খাদেম হিসেবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের সেবা করার চেষ্টা করব। এটি শুধু আপনাদের সন্তুষ্টির জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করার চেষ্টা করব।”

হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আয়াতুল ইসলাম এবং হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদারও বক্তৃতা দেন।