এক দিনের ব্যবধানে আবারও বাড়ছে সোনার দাম। ফলে আগামীকাল রোববার থেকে ২২ ক্যারেটের ভালো মানের সোনা কিনতে ভরিপ্রতি গুনতে হবে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।
আজ শনিবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৬৫ হাজার ৪১৫ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি দাম বাড়ছে ৩ হাজার ২৬৫ টাকা। এর আগে গত সপ্তাহে দুই দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল, তখন মোট ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পায়। আর আজ শনিবারই দুই দফায় বাড়ানো হয়েছে সাড়ে ৭ হাজার টাকার বেশি।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার সকালে ও রাতে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে এ সমন্বয় করা হয়েছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দর বাড়ার প্রভাবেই দেশের বাজারে এই ঊর্ধ্বগতি।
বাজুসের নির্ধারিত দামে শুধু ২২ ক্যারেট নয়, অন্যান্য মানের সোনার মূল্যও বেড়েছে। আগামীকাল থেকে ২১ ক্যারেট সোনার ভরি হবে ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকায়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যোগ হবে। ফলে গয়না কিনতে ক্রেতাদের ঘোষিত দামের চেয়ে বেশি অর্থ পরিশোধ করতে হবে।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস।