২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ পি.এম

কলকাতা ডাকলে সাড়া দেব: আরিফিন শুভ

কলকাতা ডাকলে সাড়া দেব: আরিফিন শুভ

আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তার অভিনীত ওয়েব সিরিজ ‘জাজ সিটি’ শিগগিরই মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে বহুল আলোচিত ভারতীয় এ সিরিজের মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে, চলছে জোর প্রচারণা।

প্রচারণার অংশ হিসেবেই সম্প্রতি কলকাতায় গেছেন শুভ। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। এ সফরকালে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাজের অভিজ্ঞতা, সহশিল্পীদের সঙ্গে রসায়ন এবং নিজের ক্যারিয়ার ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

নতুন সিরিজ ‘জ্যাজ সিটি’ প্রসঙ্গে শুভ বলেন, কোনো জটিল বা ভারি বিষয়কে বিনোদনের মোড়কে উপস্থাপন করা বেশ কঠিন কাজ। পরিচালক সৌমিক সেন এই সিরিজে কৌতুক, ব্যঙ্গ ও বুদ্ধিদীপ্ত সংলাপের মাধ্যমে সেই কঠিন কাজটিই সহজ করে তুলেছেন।

সিরিজে ‘জিমি রায়’ চরিত্রে অভিনয় করেছেন শুভ। এটি একটি ভারতীয় চরিত্র এবং প্রয়োজনে তাকে একাধিক ভাষায় সংলাপ বলতে হয়েছে। অডিশন প্রসঙ্গে তিনি বলেন, সবার আগে নিজেকে বিশ্ববাসী ভাবতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার মতে, কাজের ক্ষেত্রে দেশ বা ভৌগোলিক সীমারেখা কোনো বাধা হওয়া উচিত নয়।

সহশিল্পী সৌরসেনী মৈত্র-র সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি। জানান, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। আগেও একসঙ্গে কাজ করলেও এবার দীর্ঘ সময় শুটিংয়ের সুযোগ পাওয়ায় বোঝাপড়াটা আরও গভীর হয়েছে।

দুই বাংলায় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট কিছু না বললেও কলকাতার প্রতি নিজের টান স্বীকার করেছেন শুভ। তার ভাষায়, কলকাতা যদি আবার ডাকে, কাজ করব। কলকাতা আমায় যতবার ডাকবে, ততবার আসব।

এদিকে সম্প্রতি ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে শুভকে আধুনিক ও স্টাইলিশ লুকে দেখা গেছে। গাঢ় সবুজ স্যাটিন স্যুট ও সানগ্লাস পরে ‘জাজ সিটি’র প্রচারণা অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিরিজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং পরিচালক, প্রযোজক ও সহকর্মীদের সঙ্গে পুনর্মিলনকে আনন্দের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।