দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে সাকিব আল হাসানের ভক্তদের অভিযোগের পর প্রতিক্রিয়া জানিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “সাকিব আল হাসানকে খেলতে না দেওয়া যদি দুর্নীতি হয়, তাহলে শাস্তি পেতে আমি রাজি আছি।”
আসিফ মাহমুদ বলেন, “সাকিবকে খেলতে না দেওয়ার ঘটনায় ভক্তদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, যা দুদকে অভিযোগ হিসেবে উপস্থাপন করা হয়েছে। দুদকে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ প্রমাণিত হয়, আমি তা মেনে নেব।”
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানায় এনসিপি আয়োজিত ইফতার মাহফিলের পরে তিনি এসব মন্তব্য করেন।
ইফতার মাহফিলে তিনি আরও জানান, “নাগরিক সমস্যার সমাধানের মাধ্যমে নতুন ধরনের রাজনীতি গড়ে তুলতে চায় জাতীয় নাগরিক পার্টি।”
এছাড়া আসিফ মাহমুদ বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপি নিয়মিত গণসংযোগ কার্যক্রম চালু করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ওয়ার্ডভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে এনসিপি কাজ করবে। অনুষ্ঠানে এনসিপির ওয়ার্ডভিত্তিক এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
এর আগে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দুদক কার্যালয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তরা।
দুদক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে প্রায় ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে উপস্থিত হয় এবং পরে লিখিত অভিযোগ জমা দেয়।