ভোলার লালমোহনে জন্ম হয়েছে একটি বিরল ৬ পা বিশিষ্ট গরুর বাছুর। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উৎসুক জনতা বাছুরটি দেখতে গরুর মালিকের বাড়িতে ভিড় করছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চর উমেদ গ্রামের সৌদি আরব প্রবাসী মো. মনিরের বাড়িতে বাছুরটির জন্ম হয়। জন্মের পর দেখা গেছে, বাছুরটির মূল চারটি পায়ের পাশাপাশি ঘাড়ের কাছে আরও দুটি অতিরিক্ত পা রয়েছে।
চিকিৎসক জানিয়েছেন, বাছুরটির ৬টি পা থাকা সত্ত্বেও সে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।
গরুর মালিক মো. শাহাবুদ্দিন মিয়া বলেন, “গাভীটি ভোর রাতের দিকে একটি ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি। পরে চিকিৎসক জানান, ৬ পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, বাছুরটি সুস্থ আছে। স্বাভাবিকভাবে চলাফেরা করছে।”
এদিকে এই বিরল জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাছুরটিকে একনজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।
লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. মো. গোলাম মোস্তফা বলেন, “এ ধরনের ঘটনা খুবই বিরল। সচরাচর এরকম ঘটে না। তবে আশা করা যাচ্ছে, ৬ পা থাকা সত্ত্বেও বাছুরটির কোনো সমস্যা হবে না। বাছুরটি কিছুটা বড় হলে অতিরিক্ত দুটি পা অপারেশনের মাধ্যমে অপসারণ করা যেতে পারে।”