গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বড় ঘোষণা দিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে গণমাধ্যমে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে এবং সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউসে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে বরিশাল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক রূপ দিতে চাই। আধুনিক প্রযুক্তিনির্ভর বৈশ্বিক ইকোসিস্টেমে নতুন ধরনের গণমাধ্যমের সঙ্গে আমরা এখনও পুরোপুরি যুক্ত হতে পারিনি। তথ্য মন্ত্রণালয় যখন প্রতিষ্ঠিত হয়, তখন প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের এই বিস্তার ছিল না। এখন যে ডিজিটাল মাধ্যমের প্রসার তৈরি হয়েছে, তার সঙ্গে খাপ খাওয়ানো প্রয়োজন। যা এতোদিনে পুরোপুরি সম্ভব হয়নি। সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করবো।
তিনি আরও ইঙ্গিত দেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় গণমাধ্যম খাতকে সময়োপযোগী করতে নীতিগত সংস্কার প্রয়োজন। এ লক্ষ্যে ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
এর আগে অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে বিআরটিএ’র ক্ষতিপূরণের চেক তুলে দেন তিনি। এ সময় বরিশাল ও পিরোজপুরের ৬১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের মধ্যে মোট ২ কোটি ১৭ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।