২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ পি.এম

ওয়েস্টিনে ১ কেজি জিলাপির দাম ৪ হাজার টাকা

ওয়েস্টিনে ১ কেজি জিলাপির দাম ৪ হাজার টাকা

এবার ঢাকার গুলশানে অবস্থিত The Westin Dhaka হোটেলে এক কেজি জিলাপির দাম রাখা হয়েছে ৪ হাজার টাকা। চলতি রোজায় এটিই সর্বোচ্চ মূল্য। এই বিশেষ জিলাপিতে ব্যবহার করা হচ্ছে জাফরান।

রমজান এলেই ইফতারের টেবিলে যে মিষ্টান্নটি অনিবার্য হয়ে ওঠে, সেটি হলো জিলাপি। তবে রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোতে এই জনপ্রিয় খাবারের দাম শুনলে অনেকেরই চোখ কপালে উঠতে পারে।

হোটেলটির সিজনাল টেস্ট রেস্টুরেন্টের ব্যবস্থাপক ইমরান আহমেদ জানান, এখানে মোট ১০ ধরনের জিলাপি বিক্রি হচ্ছে। এর মধ্যে রেশমি ও জাফরান জিলাপির চাহিদা বেশি। পাশাপাশি রয়েছে চিনিমুক্ত বিকল্পও। তিনি বলেন, স্বাদের মূল রহস্য রাঁধুনির গোপন রেসিপিতে, শুধু দামেই পার্থক্য নির্ধারিত হয় না।

এর আগে ২০২৩ সালের রমজানে দেশে সবচেয়ে দামি জিলাপির রেকর্ড গড়েছিল InterContinental Dhaka। সেখানে এক কেজি জিলাপির দাম উঠেছিল ২০ হাজার টাকা। ২৪ ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো সেই জিলাপি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল।

এদিকে Radisson Blu Dhaka Water Garden-এ ঘিয়ে ভাজা জিলাপি কেজিতে বিক্রি হচ্ছে ২ হাজার ৯০০ টাকায়। আর Pan Pacific Sonargaon Dhaka-তে এক কেজি জিলাপির দাম ৩ হাজার ২০০ টাকা এবং আধা কেজি ১ হাজার ৭০০ টাকা।

প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের জনসংযোগ ব্যবস্থাপক মোহাম্মদ নাফেউজ্জামান বলেন, ‘আমাদের জিলাপি ও হালিম বেশ প্রসিদ্ধ। প্রথম রোজা থেকে দশম রোজা পর্যন্ত আমাদের জিলাপি ও হালিম কিনতে বেশ বড় লাইন তৈরি হয়।’

গুলশানের Amari Dhaka হোটেলে ‘শাহী রেশমি জালেবি’ নামে এক কেজি জিলাপির দাম ২ হাজার ৮৯৯ টাকা, আর আধা কেজি ১ হাজার ৪৯৯ টাকা। সব মিলিয়ে রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোতে জিলাপির দাম আড়াই হাজার থেকে চার হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে।

অন্যদিকে, রাজধানীর বিভিন্ন এলাকার সাধারণ বাজারে মানভেদে জিলাপি কেজিতে ২০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। ঘিয়ে ভাজা বা তিলযুক্ত জিলাপি বিভিন্ন ব্র্যান্ড ও দোকানভেদে ৩৫০ থেকে ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে।

ইফতার ও সাহ্‌রির প্যাকেজে কত খরচ?

রমজান উপলক্ষে পাঁচ তারকা হোটেলগুলোতে ইফতার ও সাহ্‌রির জন্য বিশেষ আয়োজন রাখা হয়েছে।

The Westin Dhaka-এ তিন থেকে ছয়জনের জন্য প্রিমিয়াম ইফতার বক্সের দাম ৮ হাজার থেকে ১২ হাজার টাকা। বুফে ইফতার ও ডিনারের প্যাকেজ ১২ হাজার টাকা, আর বুফে সাহ্‌রি ৭ হাজার টাকা। নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ডে একই দামে বাই ওয়ান গেট ওয়ান, টু ও থ্রি অফার মিলছে।

Pan Pacific Sonargaon Dhaka-এ শাহি মাটন লার্জ হালিমের দাম ৪ হাজার ৫০০ টাকা এবং রেগুলার হালিম ৩ হাজার ২৫০ টাকা। ইফতার বক্স ৩ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৫০০ টাকার মধ্যে। বুফে ইফতার ও ডিনার প্যাকেজ ৮ হাজার ৫০০ টাকা। বিভিন্ন ব্যাংকের কার্ডে পে ওয়ান ইট ফাইভ, ফোর, থ্রি, টু ও ওয়ান সুবিধা রয়েছে।

সবচেয়ে ব্যয়বহুল ইফতার বক্স পাওয়া যাচ্ছে InterContinental Dhaka-এ। এখানে বক্সের মূল্য ৬ হাজার ৫০০ থেকে ১৬ হাজার ৫০০ টাকা। বুফে ইফতার ও ডিনার ১০ হাজার ৫০০ টাকা, আর বুফে সাহ্‌রি ৭ হাজার টাকা।

Radisson Blu Dhaka Water Garden চালু করেছে বিশেষ ইফতার আয়োজন ‘সুলতান’স সোফরা: এ তার্কিস ফিস্ট’। এতে একজনের খরচ প্রায় ১০ হাজার টাকা। ব্যাংক কার্ডে ইট ফোর পে ওয়ান ও বাই ওয়ান গেট ওয়ান-টু অফার রয়েছে।

Le Méridien Dhaka-এ বুফে ইফতার ও ডিনারের মূল্য ১২ হাজার ৫০০ টাকা, আর বুফে সাহ্‌রি ৯ হাজার ৫০০ টাকা। ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে বাই ওয়ান গেট থ্রি অফার মিলছে। অন্য নির্দিষ্ট ব্যাংকের কার্ডে বাই ওয়ান গেট ওয়ান ও টু সুবিধা রয়েছে।

এ ছাড়া বনানীর Sheraton Dhaka-এ বুফে ইফতার ও ডিনারের দাম ১৩ হাজার টাকা এবং বুফে সাহ্‌রি ৮ হাজার টাকা। ইফতার বক্সের মূল্য সাড়ে ৮ হাজার থেকে ১৩ হাজার টাকা। নির্দিষ্ট ব্যাংকের কার্ডে বাই ওয়ান গেট ওয়ান, টু ও থ্রি অফার পাওয়া যাচ্ছে।