সরকারি ভর্তুকির পণ্য বাজারে বিক্রির অভিযোগে জয়পুরহাটের কালাইয়ে টিসিবির এক ডিলারের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, আর অভিযুক্ত ডিলার রয়েছেন পলাতক।
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নে স্বল্পমূল্যের টিসিবি পণ্য ব্যবসায়ীর কাছে বেশি দামে বিক্রির অভিযোগ ওঠে। এ ঘটনায় তিনজনকে আসামি করে আজ শুক্রবার সকালে কালাই থানায় মামলা দায়ের করেন উদয়পুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম বুলবুল।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন বেলাল হোসেন ও রতন মিয়া। তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। মামলার অপর আসামি টিসিবির ডিলার আবদুল মতিন, যিনি বর্তমানে পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজার এলাকায় ভ্যানে করে ১২ বস্তা টিসিবি পণ্য নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। ভ্যানটি থামিয়ে তল্লাশি চালালে বস্তার ভেতরে টিসিবির চাল, ডাল, ছোলা ও তেল পাওয়া যায়।
আটক বেলাল হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারের একজন ব্যবসায়ী। রতন মিয়া ভ্যানচালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, টিসিবির ডিলার আবদুল মতিন বিতরণ শেষে অবশিষ্ট পণ্য বেলালের কাছে বিক্রি করেন। এসব পণ্য ১২টি প্লাস্টিকের বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছিল।
বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলাল ও রতনকে আটক করে এবং পণ্যগুলো জব্দ করে। পরে উদয়পুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম বুলবুল বাদী হয়ে ডিলার আবদুল মতিনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। আটক দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে এখনো ডিলার আবদুল মতিনকে আটক করতে পারেনি পুলিশ।
বাদী গোলাম বুলবুল বলেন, “টিসিবির ১০০ কেজি চিনি, ১০০ কেজি মসুর ডাল, ১০০ কেজি ছোলা, ৫৩ কেজি চাল ও ৯৭ বোতল সয়াবিন তেল পাওয়া গেছে। টিসিবির ডিলার আবদুল মতিন বাইরে মালামালগুলো বিক্রি করেছিলেন।”
ঘটনার পর থেকেই আবদুল মতিন আত্মগোপনে রয়েছেন। তার সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।
কালাই থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “টিসিবির পণ্যগুলো গোবিন্দগঞ্জের কামদিয়া বাজারের ব্যবসায়ী বেলালের কাছে বিক্রি করেছিলেন ডিলার আবদুল মতিন। সেগুলো নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন আটকে দেন। পণ্যের ক্রেতা বেলাল ও ভ্যানচালক রতনকে আটক করে থানাহেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।”