২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ এ.এম

রাষ্ট্রপতির অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশ

রাষ্ট্রপতির অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশ

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে তার পদ থেকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।  আব্দুল্লাহ আল মাহমুদের পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির গত বুধবার সংশ্লিষ্টদের প্রতি এই লিগ্যাল নোটিশটি প্রেরণ করেন।

নোটিশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের কাছে পাঠানো হয়েছে। এতে বর্তমান রাষ্ট্রপতির পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

আবেদনকারীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি একটি সাক্ষাৎকারে জুলাই বিপ্লবের মূল চেতনাকে অবমাননা করেছেন, যা তার সাংবিধানিক পদের মর্যাদার সঙ্গে সংঘাতপূর্ণ। এছাড়া তার কার্যকালেই ২০২৪ সালের বিতর্কিত দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা জনমনে ‘ডামি নির্বাচন’ হিসেবে পরিচিতি পেয়েছে। এই প্রেক্ষাপটে তিনি তার পদের শপথ ভঙ্গ করেছেন বলে নোটিশে দাবি করা হয়।

লিগ্যাল নোটিশে আরও উল্লেখ করা হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতির নাম দ্রুত ঘোষণা করা আবশ্যক। এছাড়া নবনিযুক্ত রাষ্ট্রপতি যেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণ প্রদান করেন, সেই ব্যবস্থা গ্রহণের জন্যও সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।