ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনটি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অভিযোগের পর সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচনী সব নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচনি ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দায়ের করা আবেদনের প্রেক্ষিতে ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪ আসনের সব ব্যালট পেপার, ফলাফল শিটসহ সংশ্লিষ্ট নথিপত্র হাইকোর্টের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত অভিযোগ শুনানির জন্য হাইকোর্টে একটি ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। একই দিন এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদন শুনানি করবেন।
গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়।
পরবর্তীতে নির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির সিনিয়র সচিব আখতার আহমেদ এ গেজেট জারি করেন। তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে এখনো দুটি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়নি।