২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ পি.এম

রায়েরবাজারে স্কুলছাত্রী বিন্তি হত্যায় অভিযুক্ত গ্রেপ্তার

রায়েরবাজারে স্কুলছাত্রী বিন্তি হত্যায় অভিযুক্ত গ্রেপ্তার

রাজধানীর রায়েরবাজারে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে (১৪) নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সিয়ামকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, প্রেম-সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, হাজারীবাগ থানায় দায়ের করা একটি মামলায় সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র এবং রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের প্রস্তুতি চলছে।

এর আগে বুধবার রাত ৯টার দিকে রায়েরবাজার এলাকার হায়দার হোটেলের গলিতে বিন্তির ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এই ছাত্রীকে তার বাসার নিচেই কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর অবস্থায় রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিন্তির বাবা বেল্লাল হোসেন পেশায় একজন মাছ ব্যবসায়ী; দুই সন্তানের মধ্যে বিন্তিই ছিল বড়।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত শিক্ষার্থীর পিঠ ও কাঁধে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বর্তমানে মর্গে রাখা হয়েছে। বিন্তির মা নাদিয়া অভিযোগ করেন, সিয়াম নামের ওই তরুণ দীর্ঘ কয়েক বছর ধরে বিন্তিকে মুঠোফোনে বিরক্ত করে আসছিল। একবার এ নিয়ে বকাবকি করা হলে সে ক্ষিপ্ত হয় এবং বুধবার সুযোগ বুঝে বিন্তিকে কুপিয়ে হত্যা করে। একমাত্র কন্যাকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা এখন এই নৃশংস খুনের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন।