চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাত দলের গুলিতে চন্দন দে (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোররাতে চন্দনাইশ পৌরসভার জোয়ারা বদুরপাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মূলত গোয়ালঘর থেকে গরু লুট করতে বাধা দেওয়ায় তাকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেষ রাতের দিকে একদল সশস্ত্র ডাকাত ওই এলাকায় হানা দেয়। তারা স্থানীয়দের কয়েকটি গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা চালায়। চন্দন দে তার গোয়ালঘর থেকে গরু নিয়ে যাওয়ার বিষয়টি টের পেয়ে বাধা দিলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহেদ জানান, চন্দন দের গোয়ালঘরে তিনটি গরু ছিল, যার মধ্যে একটি নিয়ে গেছে ডাকাতরা। এছাড়া পার্শ্ববর্তী বাসিন্দা নিতাই দের বাড়ি থেকেও আরও দুটি গরু লুট করা হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে ওই এলাকা থেকে মোট তিনটি গরু নিয়ে গেছে ডাকাত দলটি।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।