মিয়ানমারের পর এবার ভারতের সিকিম সীমান্তে সৃষ্ট এক ভূমিকম্পে কেঁপে উঠল দেশের উত্তরাঞ্চলসহ পার্শ্ববর্তী এলাকা।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিটে অনুভূত এই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩ দশমিক ৮। এর আগে বুধবার রাতেও রাজধানীসহ সারাদেশে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) ও ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের এই ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল ভারতের সিকিম রাজ্য। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। সিকিমে উৎপত্তি হলেও এর প্রভাবে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি ও দার্জিলিংয়ের বিস্তীর্ণ এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়। তবে কম্পনের তীব্রতা কম থাকায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
এর আগে বুধবার রাত ১০টা ৫১ মিনিটে মিয়ানমার সীমান্তে সৃষ্ট একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার ওই কম্পনের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৬২ কিলোমিটার দূরে মিয়ানমারের সাগাইং অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মাটির ১০১ কিলোমিটার গভীরে সৃষ্ট এই কম্পনটি ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে তুলনামূলক বেশি অনুভূত হয়েছিল।
মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে পর পর দুইবার ভূমিকম্পের ঘটনায় জনমনে কিছুটা আতঙ্ক দেখা দিলেও আবহাওয়া বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।