দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় দুই মুখ রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা দীর্ঘ সাত বছরের প্রণয়পর্ব শেষ করে অবশেষে দাম্পত্য জীবন শুরু করেছেন।
বৃহস্পতিবার সকালে রাজস্থানের উদয়পুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তারা বিয়ের পিঁড়িতে বসেন। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই দুই তারকার মিলন সম্পন্ন হয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিট নাগাদ এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। বেশ কিছুদিন ধরেই তাদের এই মাহেন্দ্রক্ষণ নিয়ে ব্যাপক প্রস্তুতি চলছিল। উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে দুই পরিবারের সদস্য ও একান্ত ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখে চার হাত এক হয় এই জুটির।
নিজেদের নামের আদ্যক্ষর মিলিয়ে ভক্তরা আদর করে তাদের যে বিরোশ ডাকনাম দিয়েছেন, সেই নামটিকে সম্মান জানিয়ে তারা এই আয়োজনকে বিরোশ-এর বিয়ে হিসেবে অভিহিত করেছেন। বিয়ের খবর চাউর হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই নবদম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন কোটি ভক্ত। তবে আনুষ্ঠানিক ছবি বা ভিডিও প্রকাশিত হওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কিছু ভুয়া ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ভক্তদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে।
বিজয় ও রাশমিকার সম্পর্কের শুরুটা হয়েছিল মূলত রুপালি পর্দায় একসঙ্গে কাজ করার সুবাদে। গীতা গোবিন্দম ও ডিয়ার কমরেড সিনেমায় তাদের চমৎকার অভিনয় ও কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করেছিল। পর্দার সেই বন্ধুত্বই কালক্রমে গভীর প্রেমে রূপ নেয়। দীর্ঘ বছর নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমে মুখ না খুললেও সম্প্রতি তারা সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন।
বিজয় দেবরাকোন্ডা অর্জুন রেড্ডি সিনেমার মাধ্যমে ভারতজুড়ে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন। অন্যদিকে রাশমিকা মান্দানা গীতা গোবিন্দম থেকে শুরু করে পুষ্পা: দ্য রাইজ এবং অ্যানিমাল-এর মতো ব্লকবাস্টার সব সিনেমা উপহার দিয়ে দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। জীবনের নতুন এই ইনিংসে এই সফল জুটি এখন ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন।