মাদারীপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় মিম আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী রিয়াদ খানকে (একেএম আব্দুল্লাহ নোমান) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। নিহত মিম কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের মৃত নান্নু হাওলাদারের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছরখানেক আগে প্রেমের সম্পর্কের জেরে সদর উপজেলার কালাইমারা গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে রিয়াদ খানের সঙ্গে মিমের বিয়ে হয়। বিয়ের পর তারা বিসিক এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। বুধবার রাতে রিয়াদ নিজেই মিমের পরিবারের সদস্যদের কাছে তার মৃত্যুর খবর জানান। খবর পেয়ে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে মিমের পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহতের চাচা মো. খবির হাওলাদার আহাজারি করে বলেন, "ওর বাবা নেই, ছোটবেলা থেকেই আমি ওকে নিজের মেয়ের মতো লালনপালন করেছি। মিমের এই রহস্যজনক মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত বিচার চাই।"
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।