গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে 'রিপন নিট ওয়্যার লিমিটেড' কারখানার শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ পালন করছেন।
বৃহস্পতিবার সকাল থেকে কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত এই কারখানার অভ্যন্তরে অবস্থান নিয়ে কয়েকশ শ্রমিক কাজ বন্ধ রেখেছেন।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন মাসের বকেয়া নাইট বিল এবং বাৎসরিক অর্জিত ছুটির টাকার দাবিতে গত বুধবার দুপুর ১২টা থেকে শ্রমিকরা প্রথম দফায় আন্দোলন শুরু করেন। বুধবার বিকেলে তারা কারখানা থেকে চলে গেলেও বৃহস্পতিবার সকাল ৮টায় পুনরায় কারখানায় প্রবেশ করে কাজ বন্ধ রেখে অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে কারখানা স্টাফদের বাকবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানার ভেতরে উত্তজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, প্রতিদিন তারা রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত অতিরিক্ত সময় কাজ (ওভারটাইম) করলেও কর্তৃপক্ষ ঠিকমতো নাইট বিল পরিশোধ করে না। এছাড়া আসন্ন রমজান মাসেও অতিরিক্ত ডিউটি করার চাপ থাকে, কিন্তু পাওনা পরিশোধের বিষয়ে মালিকপক্ষ বারবার টালবাহানা করছে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন দাবি করেছেন, তারা তিন মাসের বকেয়া নাইট বিলের মধ্যে এক মাসের বিল তাৎক্ষণিক পরিশোধের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু শ্রমিকরা পুরো টাকা আদায়ের দাবিতে অনড় রয়েছেন। উল্টো উত্তেজিত শ্রমিকরা স্টাফদের ওপর হামলা চালিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ (কোনাবাড়ী জোন)-এর পরিদর্শক মোর্শেদ জামান জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানায় অতিরিক্ত মেট্রোপলিটন পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করা হচ্ছে।