চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুই সহোদর ভাইয়ের প্রয়াণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার গভীর রাতে হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তিরা হলেন—পৌর এলাকার প্রয়াত ইউনুস বিশ্বাসের দুই পুত্র আব্দুস সাত্তার টুনু ও মো. রফিকুল ইসলাম।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে বেলেপুকুর মহল্লায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বড় ভাই আব্দুস সাত্তার টুনু। বড় ভাইয়ের মৃত্যুর সংবাদে পরিবার ও স্বজনদের মধ্যে যখন শোকের মাতম চলছিল, ঠিক তখনই আলিনগর এলাকা থেকে আসে ছোট ভাই রফিকুল ইসলামের মৃত্যুর খবর। জানা যায়, রাত ৪টার দিকে নিজের বাড়িতে চোর ঢুকেছে টের পেয়ে তাদের ধাওয়া করতে গিয়ে রফিকুল ইসলাম অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে, বুধবার দুপুরে বড় ভাই আব্দুস সাত্তার টুনুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। অন্যদিকে, ছোট ভাইয়ের মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তরের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। একই রাতে দুই ভাইয়ের এমন বিয়োগান্তক ঘটনায় পরিবার ও প্রতিবেশীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।