২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ পি.এম

সরকারি গাছ কাটায় পদ স্থগিত বিএনপি নেতা গ্রেফতার

সরকারি গাছ কাটায় পদ স্থগিত বিএনপি নেতা গ্রেফতার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নদীভাঙন ঠেকাতে রোপণ করা সরকারি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে বিএনপির পদ স্থগিত হওয়া নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে জেলা শহরের বত্রিশ এলাকা থেকে তাকে আটক করা হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জাহাঙ্গীর আলমের প্রাথমিক সদস্যপদসহ সকল দলীয় পদ স্থগিত করা হয়েছিল। এর আগে থেকেই মিঠামইন উপজেলা সদরের কামালপুর এলাকায় নদীভাঙন রোধে নির্মিত বেড়িবাঁধের সরকারি গাছ নিধনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে বিভিন্ন সময়ে তার নির্দেশে বেড়িবাঁধের অসংখ্য গাছ কেটে ফেলার অভিযোগ উঠে। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি প্রায় ১০ থেকে ১২টি বড় মেহগনি গাছ একসাথে কেটে সাবাড় করা হয়।

সরকারি সম্পদ আত্মসাৎ ও গাছ কাটার এই ঘটনায় গত মঙ্গলবার মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আঙ্গুর মিয়া নামে একজনকে আসামি করা হলেও মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে জাহাঙ্গীর আলমের নাম উঠে আসে। পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্ত ও সংশ্লিষ্টতার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।