২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ পি.এম

নিত্য পণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটতে দেয়া হবে না: ইশরাক

নিত্য পণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটতে দেয়া হবে না: ইশরাক

আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থান প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বুধবার দুপুরে পুরান ঢাকার মৌলভীবাজার ও বাদামতলী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। পরিদর্শনকালে তিনি স্পষ্ট জানান যে, করপোরেট প্রভাবশালী বা মাফিয়া চক্র এখনো সক্রিয় থাকলেও অতীতে যেভাবে কারসাজির মাধ্যমে দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে, এবার তার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। জনগণের স্বার্থ ক্ষুণ্ণ করে বাজার সিন্ডিকেটকে অনৈতিক সুবিধা নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অভিযান চলাকালীন ইশরাক হোসেন উল্লেখ করেন, তিনি মূলত একজন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের পাশে থাকতে এই কার্যক্রমে যুক্ত হয়েছেন। সম্প্রতি ভোক্তা অধিকারের অভিযানে ব্যবসায়ীদের পক্ষ থেকে বাধা দেওয়ার যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটিকে দুঃখজনক বলে অভিহিত করেন তিনি। প্রতিমন্ত্রী জানান, ব্যবসায়ী সমিতি এবং ভোক্তা অধিকারের মধ্যে সৃষ্ট যেকোনো ধরণের ভুল বোঝাবুঝি দূর করতেই তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন।

পণ্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, রমজান মাস এলেই একটি অসাধু চক্র অবৈধ মজুতদারি ও কালোবাজারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে পকেট কাটে, যার ফলে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তির শিকার হন। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করতে পারবে বলেও তিনি পরিষ্কার বার্তা দেন।