২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ পি.এম

বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) প্রকৃত অর্থেই জনগণের প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে একটি বিস্তারিত রূপরেখা তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই পরিকল্পনার কথা জানান। তথ্যমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ ও চলমান কাজের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বিটিভি এবং বাংলাদেশ বেতারকে সাধারণ মানুষের কল্যাণে আরও কার্যকরভাবে ব্যবহারের বিষয়ে সরকারপ্রধান দীর্ঘ সময় ধরে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেছেন।

জহির উদ্দিন স্বপন জানান, আধুনিক প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ তৈরিতে সরকারি সব প্রচার মাধ্যমকে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে বর্তমান সময়ের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কীভাবে ইতিবাচক ও গঠনমূলক উদ্দেশ্যে ব্যবহার করা যায়, সে বিষয়েও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা সাজাতে বলেছেন তিনি। বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি নির্ভর যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে, তার সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোকে আধুনিকায়নের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, বিটিভিকে একটি জনবান্ধব ও গণমুখী প্রচার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করাই এখন তাদের মূল লক্ষ্য। বর্তমানে এই লক্ষ্যটি তাত্ত্বিক পর্যায়ে থাকলেও, একে বাস্তবে রূপ দিতে এবং একটি কার্যকর কাঠামো দাঁড় করাতে মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বিটিভিকে সাধারণ মানুষের কণ্ঠস্বরে পরিণত করতে প্রয়োজনীয় সব ধরনের হোমওয়ার্ক সম্পন্ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।