বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে জলদস্যুদের অতর্কিত হামলায় ২ জেলে গুলিবিদ্ধ এবং ৪ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কক্সবাজার সৈকত থেকে প্রায় ৩ নটিক্যাল মাইল পশ্চিমে সাগরে এই তাণ্ডব চালায় জলদস্যুরা। হামলার পর ট্রলারে থাকা ইলিশ মাছ ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম লুট করে নিয়ে গেছে দস্যু দলটি।
গুলিবিদ্ধ জেলেরা হলেন মনু মিয়া (৫৬) ও আব্দুল জব্বার (৪২)। এ ছাড়া হাতুড়িপেটায় গুরুতর আহত হয়েছেন আবুল কাসেম (২৭), ফরিদুল আলম (৩৫), নেজাম উদ্দিন (৩৩) ও মিজানুর রহমান (২৬)। আহতদের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকির হাট ঘাটে আনা হলে সেখান থেকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি ৩৬ জন জেলে নিয়ে ৪টি ফিশিং ট্রলার সাগরে মাছ শিকারে যায়। মঙ্গলবার রাতে ফেরার পথে একটি আগন্তুক ট্রলার থেকে কিছু বুঝে ওঠার আগেই দূর থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু হয়। এতে মনু মিয়ার পিঠে এবং আব্দুল জব্বারের পেটে গুলি লাগে।
ফিশিং ট্রলার মালিক আবুল কাশেম জানান, দস্যুরা গুলি চালানোর পাশাপাশি জেলেদের হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। তারা ট্রলারের মাছ, জাল ও ইঞ্জিনসহ যাবতীয় সরঞ্জাম লুট করে নিয়ে গেছে। ৪টি ট্রলার মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। অপর মালিক নিজাম উদ্দিনের ধারণা, হামলাকারী জলদস্যুরা কক্সবাজারের চকরিয়া বা পেকুয়া এলাকার হতে পারে।
বার আউলিয়া ঘাট নৌ পুলিশের ইনচার্জ কায়ছার হামিদ জানিয়েছেন, ঘটনাটি কুতুবদিয়া এলাকায় ঘটেছে বলে তারা শুনেছেন। এ বিষয়ে কুতুবদিয়া নৌ-পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।