অমর একুশে বইমেলাকে ঘিরে কোনো নাশকতার তথ্য নেই, তবে নিরাপত্তায় কোনো ছাড় দিচ্ছে না পুলিশ। সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ বুধবার ‘অমর একুশে বইমেলা ২০২৬’ উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, মেলা ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই এবং মব সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরিরও সুযোগ থাকবে না। পুরো মেলা এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, মেলায় উসকানিমূলক কোনো বই পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বইমেলা এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গোয়েন্দা সংস্থার সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মেলায় প্রবেশ ও বের হওয়ার পথে আর্চওয়ে স্থাপন করা হবে। পাশাপাশি পুরো এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরার নজরদারি।
যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন বলে জানান মো. সরওয়ার। মেলার ভেতরে ও বাইরে ইউনিফর্ম ও সাদাপোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে।
তিনি আরও বলেন, মেলা চলাকালে মাজার রোড, হাকিম চত্বর, দোয়েল চত্বর ও টিএসসি এলাকায় যানজট কমাতে ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে। ধারালো অস্ত্র বা বিস্ফোরক জাতীয় কোনো বস্তু নিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।