২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ পি.এম

রাষ্ট্রপতির সাক্ষাৎকারে গোপন তথ্য প্রকাশে উদ্বেগ প্রকাশ জামায়াতের

রাষ্ট্রপতির সাক্ষাৎকারে গোপন তথ্য প্রকাশে উদ্বেগ প্রকাশ জামায়াতের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক সাক্ষাৎকারে দেশের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় প্রকাশ করার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি মনে করছে, রাষ্ট্রপতির এই বক্তব্য জাতির সামনে নানা প্রশ্ন, বিতর্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় জনসমক্ষে প্রকাশ করেছেন। এতে দেশের জনগণের মনে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।”

গোলাম পরওয়ার মন্তব্য করেন, “‘রাষ্ট্রপতি’ পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এ পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ রাষ্ট্রের শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। রাষ্ট্রপতি এই সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ তথ্য প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রের গোপন বিষয় রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এতে জাতির মাঝে অনিশ্চয়তা ও বিতর্কের জন্ম হয়েছে।”

তিনি আরও বলেন, “একজন রাষ্ট্রপতির বক্তব্য জাতির সামনে নতুন বিতর্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সংবিধান, রাষ্ট্রীয় শপথ এবং সাংবিধানিক ধারাবাহিকতার দিক থেকে এ ধরনের বক্তব্য রাষ্ট্রের মর্যাদা ও ভাবমর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।”

জামায়াতের সেক্রেটারি জেনারেল যোগ করেন, “রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাংবিধানিক শালীনতা বজায় রাখা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যক্তিদের সংযত ও পরিমিত বক্তব্য দেওয়া অত্যন্ত জরুরি। রাষ্ট্রপতিকে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বক্তব্য প্রদান করতে হবে, যাতে জনগণের আস্থা অটুট থাকে এবং রাষ্ট্রের মর্যাদা ও স্থিতিশীলতা রক্ষিত হয়।”