স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে নতুন কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সেই জন্য যথাযথ বিচার নিশ্চিত করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য কি ছিল, তা জানার জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছিল। তবে তার ফলাফল এখনও প্রকাশিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় কমিশন গঠন করা হয়েছিল, যার রিপোর্ট আমাদের কাছে এসেছে। তবে সে রিপোর্ট বাস্তবায়নে সেই সরকার বিশেষ কোনো উদ্যোগ নেয়নি। প্রতিবেদনে ৭০টির বেশি সুপারিশ করা হয়েছিল। আমরা ধাপে ধাপে এগুলো বাস্তবায়ন করব।”
তিনি আরও বলেন, “শহীদ পরিবারকে আশ্বস্ত করতে চাই, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। এ কাজ করতে পারে শুধুমাত্র সেইরাই, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মানে না।”