২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ পি.এম

একজন ফ্যামিলি কার্ডধারী ব্যাক্তি কত টাকা পাবেন?

একজন ফ্যামিলি কার্ডধারী ব্যাক্তি কত টাকা পাবেন?

স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য নতুন সামাজিক সুরক্ষা উদ্যোগ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে আগামী ১০ মার্চ এ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, প্রথম ধাপে ১৪টি উপজেলার প্রতিটিতে একটি করে ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, কার্ডের জন্য নির্বাচিত পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। এই অনুদানের অর্থ সরাসরি ব্যাংক হিসাব অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রদান করা হবে।

মন্ত্রী জানান, আপাতত অর্থ মন্ত্রণালয় থেকে থোক বরাদ্দের মাধ্যমে এ খাতে অর্থ দেওয়া হবে। পরে আগামী জুনে জাতীয় বাজেট ঘোষণার সময় এ কর্মসূচির জন্য প্রয়োজনীয় বরাদ্দ অন্তর্ভুক্ত করা হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একটি ফ্যামিলি কার্ডের আওতায় একটি পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। একান্নবর্তী পরিবারে সদস্য সংখ্যা পাঁচের বেশি হলে প্রতি পাঁচজনের জন্য আলাদা কার্ড ইস্যু করা হবে। একই ব্যক্তি একাধিক ভাতা গ্রহণ করতে পারবেন না; তবে পরিবারের অন্য সদস্যরা প্রাপ্য সুবিধা পাবেন।

কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে ইউএনওর নেতৃত্বে এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি কাজ করবে। তদারকির জন্য প্রতিটি ওয়ার্ডে একজন প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

ভুলত্রুটি এড়াতে দুই ধাপের যাচাই ও পুনঃযাচাই পদ্ধতি রাখা হয়েছে বলে জানান সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

প্রথম দফায় কারা এই কার্ড পাবেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাছাই করা হচ্ছে না। ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে প্রতিটি ডোর-টু-ডোর স্টেপস অ্যাপ্রোচের মাধ্যমে। কোনো অবস্থাতেই ঘরে বসে কোনো বাছাই হবে না।”