দেশের বৃহৎ উন্নয়ন প্রকল্প ও বিনিয়োগ অনুমোদনের সর্বোচ্চ কমিটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে সই করেন অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির।
প্রজ্ঞাপন অনুযায়ী, একনেকের সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
সহায়তাকারী কর্মকর্তা হিসেবে থাকবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, ‘সচিব’ বলতে সিনিয়র সচিবরাও অন্তর্ভুক্ত হবেন।
কমিটির দায়িত্ব ও কার্যপরিধি
নতুন একনেক সব উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি), টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট প্রপোজাল (টিএপিপি) এবং টেকনিক্যাল প্রজেক্ট প্রপোজাল (টিপিপি) পর্যালোচনা ও অনুমোদন করবে।
সরকারি খাতে ৫০ কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্পগুলোর ক্ষেত্রে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশ বিবেচনা করে চূড়ান্ত অনুমোদন দেবে একনেক। একই সঙ্গে এসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করবে কমিটি।
এ ছাড়া বেসরকারি, যৌথ বা অংশগ্রহণমূলক বিনিয়োগ কোম্পানির প্রস্তাবও একনেক বিবেচনায় নেবে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, নীতিনির্ধারণী বিষয় পর্যালোচনা এবং বৈদেশিক সহায়তার বার্ষিক লক্ষ্যমাত্রা অনুমোদন ও অগ্রগতি মূল্যায়নের দায়িত্বও থাকবে এ কমিটির ওপর।
প্রয়োজন অনুযায়ী একনেকের বৈঠক অনুষ্ঠিত হবে। পরিকল্পনা বিভাগ এ কমিটিকে সচিবালয় সহায়তা প্রদান করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।