২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ এ.এম

কুবিতে ভর্তির সময় বাড়ল আরও ১ দিন

কুবিতে ভর্তির সময় বাড়ল আরও ১ দিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটের বিভাগভিত্তিক প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সময় একদিন বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে ঘোষিত ২৪ ও ২৫ ফেব্রুয়ারির পাশাপাশি ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিভাগভিত্তিক প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে সশরীরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকতা শেষ করতে হবে।

যেসব কাগজপত্র লাগবে

ভর্তি ফরম জমা দেওয়ার সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এর একটি ফটোকপি দিতে হবে। সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই এ, বি ও সি ইউনিটের বিভাগভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশ করেছে। ২২ ফেব্রুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “আজ (২২ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১২টা থেকে ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে লিংকে প্রবেশ করে ভর্তি–ইচ্ছুকরা নিজ নিজ প্যানেলে লগইন করে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া শিক্ষার্থীদের মোবাইলফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।”

ভর্তি ফি ও মাইগ্রেশন সংক্রান্ত নির্দেশনা

ভর্তি ফি হিসেবে শিক্ষার্থীদের নির্ধারিত ব্যাংকে ১৪ হাজার ৬০০ টাকা জমা দিতে হবে। পাশাপাশি ডিন অফিস উন্নয়ন ফি এবং বিভাগীয় উন্নয়ন ফিও পরিশোধ করতে হবে।

ভর্তি সম্পন্ন করা শিক্ষার্থীরা মাইগ্রেশন ‘অন’ বা ‘অফ’ করার সুযোগ পাবেন ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে একবার মাইগ্রেশন ‘অফ’ করলে তা পুনরায় ‘অন’ করার সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে।

সব প্রক্রিয়া শেষ হলে আগামী ১২ এপ্রিল থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। ভর্তি–সংক্রান্ত হালনাগাদ তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।