২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ এ.এম

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির দুই স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা নামক স্থানে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুকসুদপুর এস জে সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র রাফসান রাফি ও তার সহপাঠী অনুজ মজুমদার।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুই বন্ধু মোটরসাইকেলে চড়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে রাফসান ও অনুজ দুজনেই গুরুতর জখম হন। নিহত রাফসান রাফি মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চণ্ডীবরদী এলাকার জাহিদ মিয়ার সন্তান এবং অনুজ মজুমদার শিমুলশুর গ্রামের শিশির মজুমদারের ছেলে।

দুর্ঘটনার পর পথচারীরা তাদের উদ্ধার করে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুরে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রাফসানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত অনুজ মজুমদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে নিহত দুই শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সম্ভাবনাময় দুই কিশোরের এমন করুণ মৃত্যুতে সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।