২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পি.এম

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১ ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১ ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ে অপহৃত এক স্কুলছাত্রকে প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক হস্তক্ষেপে মাত্র এক ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে মালিবাগের চামেলীবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। অপহৃত কিশোর খিলগাঁও ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের ছাত্র এবং তার বাবা খন্দকার শামীম সচিবালয়ের একজন কর্মচারী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগ সন্ধ্যায় এই শ্বাসরুদ্ধকর অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ছেলের অপহরণের সংবাদ পেয়ে বাবা খন্দকার শামীম বিচলিত অবস্থায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে কান্নায় ভেঙে পড়েন। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেন এবং দ্রুততম সময়ে উদ্ধারের জন্য পুলিশকে সরাসরি নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের নেতৃত্বে বিশেষ উদ্ধার অভিযানে নামে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বেলা আড়াইটার দিকে স্কুল থেকে বের হওয়ার পর চার-পাঁচজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই ছাত্রকে তুলে নিয়ে মালিবাগের একটি সাততলা নির্মাণাধীন ভবনে আটকে রাখে। সেখানে তাকে শারীরিক নির্যাতন করা হয় এবং মুক্তিপণ হিসেবে তার বাবার কাছে ৫০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা।

উদ্ধার কৌশল সম্পর্কে ডিসি মাসুদ আলম জানান, পুলিশ সরাসরি অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে টাকা দেওয়ার আশ্বাস দেয়। কৌশলে দর-কষাকষির মাধ্যমে মুক্তিপণের পরিমাণ ১০ হাজার টাকায় নামিয়ে আনা হয় এবং টাকা পাঠানোর মোবাইল নম্বর সংগ্রহ করা হয়। এর মাধ্যমেই অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে পুলিশ ভবনটিতে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে গেলেও অপহৃত শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।