২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পি.এম

মাদক কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

মাদক কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠির কাঠালিয়ায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে এক কারবারির আক্রমণের শিকার হয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) রতন কৃষ্ণ হাওলাদার। অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে জাপটে ধরার সময় তিনি পুলিশ কর্মকর্তার হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে শেষ রক্ষা হয়নি, ৮ পিস ইয়াবাসহ সুজন (৩০) নামের ওই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামে এই ঘটনা ঘটে। আটক সুজন ওই এলাকার সোহরাব হাওলাদারের ছেলে বলে নিশ্চিত করেছে স্থানীয় থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানা পুলিশের একটি চৌকস দল ওই গ্রামে অভিযান পরিচালনা করলে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

থানা সূত্রে জানা গেছে, সুজনকে তল্লাশি ও আটকের চেষ্টা করার সময় তিনি আকস্মিকভাবে এসআই রতন কৃষ্ণ হাওলাদারের হাতে কামড় বসিয়ে দেন। এতে ওই পুলিশ কর্মকর্তা জখম হন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কামড় দিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন সুজন। পরে তাকে নিয়ন্ত্রণে নিয়ে দেহ তল্লাশি করে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসহ আটক সুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ কর্মকর্তার ওপর হামলা ও মাদক রাখার দায়ে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।