২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পি.এম

বান্দরবানে মিয়ানমারের মুদ্রাসহ ৩ আরাকান আর্মির সদস্য আ/টক

বান্দরবানে মিয়ানমারের মুদ্রাসহ ৩ আরাকান আর্মির সদস্য আ/টক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে তিন সশস্ত্র বিদ্রোহীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে মিয়ানমারের ১ লাখ ৭৫ হাজার কিয়াত (মুদ্রা) উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের অংশ হিসেবে বিজিবি সদস্যরা আমতলী সীমান্তে অবস্থান করছিলেন। ওই সময় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সন্দেহভাজন এই তিন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে বিজিবি। তল্লাশি চালিয়ে তাদের কাছে বিপুল পরিমাণ মিয়ানমারের মুদ্রা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মিয়ানমারের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’র সক্রিয় সদস্য বলে নিজেদের পরিচয় দিয়েছেন। পরবর্তীতে বিজিবির পক্ষ থেকে তাদের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত থেকে আটক হওয়া তিন ব্যক্তিকে বিজিবি পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও সংশ্লিষ্ট আইনে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত এলাকায় তিনজনের আটকের খবর তিনি পেয়েছেন। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার প্রেক্ষাপটে সীমান্ত জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।